প্রিন্ট এর তারিখঃ Feb 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
টাঙ্গাইল-৮ আসন: বিএনপির প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পগতি সালাউদ্দিন আলমগীর সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তাঁর সখীপুরের বাসভবন রাইদা ভিলেজে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সালাউদ্দিন আলমগীরের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু। তিনি বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে ফজলুল হক বাচ্চু বলেন, বিএনপি প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী পথসভায় বাধা প্রদান করছেন। আমাদের নির্ধারিত পথসভায় ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খান ইচ্ছাকৃতভাবে কর্মসূচি ঘোষণা করছেন। আমাদের মিছিল সমাবেশে হামলার চেষ্টা করছেন। এ ছাড়া তাঁরা নিজেদের মিছিল সমাবেশে নিজেরাই হামলা করে এবং নিজেদের নির্বাচনী অফিসে আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। এসবের মূল উদ্দেশ্য আমাদের শান্তিপূর্ণ প্রচারণায় বাধা প্রদান করা, সংঘাতের পরিবেশ তৈরি করা ও সাধারণ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করা।
তিনি বলেন, আমাদের নির্বাচনী অফিসে তালা দেওয়া, হামলা ভাঙচুর ও কর্মীদের মারধর করা হয়েছে। ইতোমধ্যে আমাদের বেশ কয়েকটি নির্বাচনী অফিস যৌথ বাহিনীর উদ্যোগে খোলে দেওয়া হয়েছে। এ সময় তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় পিভিসি দিয়ে তৈরি কোনো ব্যানার-ফেস্টুন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এসব কাপড় দিয়ে তৈরি করার নিয়ম। কিন্তু ধানের শীষের প্রার্থীর যতো ব্যানার-ফেস্টুন রয়েছে, সব পিভিসি দিয়ে তৈরি করা হয়েছে, যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, আমরা কখনো সহিংসতায় জড়াবো না। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব বিষয়ের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবীব, লাবীব গ্রুপের ডিএমডি মাহমুদুল আলম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এ আসনে আরও পাঁচজন প্রার্থী হলেন শিল্পপতি সালাউদ্দিন আলমগীর (হরিণ প্রতীক), শফিকুল ইসলাম খান (দাড়িপাল্লা), নাজমুল হাসান রেজা (লাঙ্গল), আওয়াল মাহমুদ (কোদাল) ও আলমগীর হোসেন (প্রজাপতি)।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com